সরকার কিনছে ১ কোটি লিটার সয়াবিন তেল
- সর্বশেষ আপডেট ০৪:৫৫:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
- / 109
দেশের ভোজ্যতেলের বাজার স্থিতিশীল এবং আসন্ন রমজানে সরবরাহ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার এক কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে, যার মোট ব্যয় দাঁড়াবে প্রায় ১৮১ কোটি টাকা।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে জাতীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতির মাধ্যমে ঢাকার সোনারগাঁও সিডস ক্রাশিং মিলস লিমিটেড থেকে তেলটি ক্রয় করা হবে। মোট ব্যয় ধরা হয়েছে ১৮০ কোটি ৮৫ লাখ টাকা। এতে প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেলের মূল্য পড়বে ১৮০ টাকা ৮৫ পয়সা।
উল্লেখ্য, একই বৈঠকে সয়াবিন তেল ক্রয়ের পাশাপাশি সার আমদানির প্রস্তাবও অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।


































