বিশ্বকাপের টিকিট বাতিলে ক্ষুব্ধ ইরান
- সর্বশেষ আপডেট ০৩:৪৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 7
বিশ্বকাপ শুরুর তিন দিনেরও কম সময় আগে ইরানের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট প্রত্যাহার করা হয়েছে বলে অভিযোগ করেছে দেশটির ফুটবল ফেডারেশন। এ ঘটনাকে আন্তর্জাতিক ক্রীড়া নীতির পরিপন্থী আখ্যা দিয়ে ফিফার হস্তক্ষেপ চেয়েছে তারা।
বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র ইরানের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করেছে বলে অভিযোগ করেছে ইরানের ফুটবল ফেডারেশন। মঙ্গলবার এক বিবৃতিতে ফেডারেশন জানায়, টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েক দিন আগে এই সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েছেন বহু সমর্থক।
ফেডারেশনের দাবি, ফিফার নিয়ম অনুযায়ী প্রতিটি ম্যাচের টিকিটের ৮ শতাংশ অংশগ্রহণকারী দেশের ফুটবল সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়, যা তারা নিজ নিজ সমর্থকদের মধ্যে বিতরণ করে। সেই কোটা পাওয়ার পর ইরান ইতোমধ্যে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলোর টিকিট বিক্রি শুরু করেছিল। অনেক সমর্থক ভ্রমণ ও থাকার ব্যবস্থাও চূড়ান্ত করেছিলেন।
তবে হঠাৎ করেই সেই বরাদ্দ প্রত্যাহার করা হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে জাতীয় দলের সমর্থকদের জন্য একটি টিকিটও সরবরাহ করা সম্ভব নয় বলে জানিয়েছে ফেডারেশন।
বিবৃতিতে বলা হয়, এটি আন্তর্জাতিক প্রতিযোগিতার চেতনা ও অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে সমতার নীতির পরিপন্থী। একই সঙ্গে ফিফা ও টুর্নামেন্ট আয়োজকদের প্রতি নিরপেক্ষতা, ন্যায্যতা ও বিদ্যমান নিয়ম বজায় রেখে ইরানি সমর্থকদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিশ্বকাপ ঘিরে ইরানের জন্য এটি নতুন কোনো জটিলতা নয়। তেহরানের অভিযোগ, দুই দেশের চলমান উত্তেজনার কারণে ইরানের প্রতিনিধিদলের অন্তত ১৫ জন প্রশাসনিক ও ব্যবস্থাপনা কর্মকর্তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশের ভিসা দেওয়া হয়নি। যদিও খেলোয়াড় ও সহায়ক কর্মীরা ভিসা পেয়ে রোববার মেক্সিকোতে পৌঁছেছেন।
ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান তাদের বিশ্বকাপ প্রস্তুতি শিবিরও যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসন থেকে সরিয়ে মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় স্থানান্তর করেছে।
এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি ফিফা বা যুক্তরাষ্ট্রের আয়োজক কর্তৃপক্ষ।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। এরপর ২১ জুন একই শহরে বেলজিয়াম এবং ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হবে দলটি।
































