অভিষেকে সবচেয়ে বয়সী ৫ উইকেট শিকারি
চার্লস ম্যারিয়টকে ছাপিয়ে গেলেন আসিফ আফ্রিদি
- সর্বশেষ আপডেট ০১:৪৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২২ অক্টোবর ২০২৫
- / 145
মিডল স্টাম্প লক্ষ্য করে বল করেছিলেন আসিফ আফ্রিদি, আর সাইমন হার্মার চেয়েছিলেন রিভার্স সুইপ খেলতে। কিন্তু ব্যাটে লাগাতে ব্যর্থ হন তিনি। পাকিস্তানি খেলোয়াড়দের জোরালো আবেদনেও সাড়া দিতে দেরি করেননি আম্পায়ার। রিভিউ নিলেও ভাগ্য বদলায়নি হার্মারের। আর এই উইকেটেই ইতিহাসের পাতায় জায়গা করে নিলেন আফ্রিদি।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার এই ব্যাটারকে এলবিডব্লিউ করে ক্যারিয়ারের প্রথম টেস্টে তুলে নেন পাঁচটি উইকেট পাকিস্তানি স্পিনার আসিফ আফ্রিদি। বয়স তখন ৩৮ বছর ২৯৯ দিন। এর মাধ্যমে টেস্ট ইতিহাসে অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার নজির গড়েন এই বাঁহাতি স্পিনার।
পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টে খেলা তৃতীয় সর্বোচ্চ বয়সী ক্রিকেটার তিনি। তবে শুধু পাকিস্তান নয়, পুরো টেস্ট ইতিহাসেও সবচেয়ে বয়সে অভিষেকে ৫ উইকেট নেওয়া বোলার এখন আফ্রিদি।
এই রেকর্ডটি এতদিন ধরে ছিল ইংল্যান্ডের সাবেক লেগ স্পিনার চার্লস ম্যারিয়টের দখলে। ১৯৩৩ সালে ওভালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭ বছর ৩৩২ দিন বয়সে অভিষেক টেস্ট খেলেন ম্যারিয়ট। ওই ম্যাচের প্রথম ইনিংসে ৫ উইকেট ও দ্বিতীয় ইনিংসে আরও ৬ উইকেট নিয়ে মোট ১১ উইকেট শিকার করেছিলেন তিনি।
দীর্ঘ ৯২ বছর পর সেই রেকর্ড এবার নতুন করে লিখলেন পাকিস্তানের আসিফ আফ্রিদি। এখন তার সামনে সুযোগ আছে আরেকটি ইতিহাস গড়ার—অভিষেক ম্যাচে দুই ইনিংসেই ৫ উইকেট নেওয়ার।
তবে ম্যারিয়টের মতো ভাগ্য বরণ করতে চান না আফ্রিদি। কারণ ইংলিশ স্পিনার ওই ম্যাচের পর আর কোনো টেস্ট খেলার সুযোগ পাননি। অনেক প্রতীক্ষার পর পাওয়া সুযোগটিকে আরও দীর্ঘস্থায়ী করতে চাইবেন পাকিস্তানের এই অভিজ্ঞ স্পিনার।
আসিফের আগে পাকিস্তানের পক্ষে অভিষেকে সবচেয়ে বেশি বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি ছিল নোমান আলির। ২০২১ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচি টেস্টে ৩৪ বছর ১১১ দিন বয়সে ৫ উইকেট নিয়েছিলেন তিনি।
রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনেই ২ উইকেট শিকার করেন আফ্রিদি। বুধবার সকালে আরও দুই ব্যাটার, ট্রিস্টান স্টাবস ও কাইল ভেরেইনেকে আউট করার পর হার্মারকে ফেরান তিনি। আর এই উইকেটেই তিনি লেখেন নিজের নাম টেস্ট রেকর্ডের তালিকায়।


















