ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
চলতি অধিবেশনে ৯১ বিল পাস

জাতীয় সংসদের চলতি অধিবেশনে মোট ৯১টি বিল পাস হয়েছে। এর মধ্যে শুক্রবার (১০ এপ্রিল) একদিনেই পাস হয়েছে ২৪টি বিল।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম জানান, অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে এসব বিল পাস করা হয়েছে।

শুক্রবারের অধিবেশনে পাস হওয়া বিলগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—‘জুলাই গণঅভ্যূত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যূত্থানে শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’।

অধিবেশনের সকালে ১০টি বিল পাস হয়। অধিকাংশ বিলের ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় আলোচনা ছাড়াই সর্বসম্মতিক্রমে সেগুলো পাস করা হয়।

সংসদের বিশেষ কমিটি জানায়, অন্তর্বর্তীকালীন সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করা হয়েছে। এছাড়া ৪টি বাতিল এবং ১৬টি নতুনভাবে বিল আকারে আনার সুপারিশ করা হয়।

এদিন বিভিন্ন মন্ত্রণালয়ের একাধিক গুরুত্বপূর্ণ বিল, যেমন—উন্নয়ন কর্তৃপক্ষ সংক্রান্ত বিল, অর্থ ও ব্যাংকিং খাতের বিল, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিল এবং নারী-শিশু সুরক্ষা সংশোধনী বিল সংসদে পাস হয়।

একটি বিলের ক্ষেত্রে জনমত যাচাইয়ের প্রস্তাব উত্থাপিত হলেও তা কণ্ঠভোটে নাকচ হয় এবং বিলটি পাস হয়। এছাড়া একটি বিলে সংশোধনী গ্রহণ করে তা চূড়ান্তভাবে অনুমোদন দেওয়া হয়।

সবশেষে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ (সংশোধন) বিল, ২০২৬’ কণ্ঠভোটে পাসের মাধ্যমে দিনের কার্যক্রম শেষ হয়।