বললেন মির্জা আব্বাস
বিএনপি মাঠে নামলে পালানোর পথ পাবে না জামায়াত-এনসিপি
- সর্বশেষ আপডেট ১০:১৭:৩১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- / 36
সরকার ও বিএনপিকে বিব্রত করতে তথাকথিত বিরোধী দল নানা চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, বিএনপি এখনো মাঠে নামেনি। মাঠে নামলে বিরোধীদের পালানোর পথ থাকবে না।
শনিবার (৩১ অক্টোবর) বিকেলে রাজধানীর শাহজাদপুরে ঢাকা-৮ সংসদীয় এলাকার শাহজাহানপুর, মতিঝিল, পল্টন, শাহবাগ ও রমনা থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘অনেকেই অনেক কিছু ভাবছেন। কিন্তু বিএনপি এখনো মাঠে নামে নাই। বিএনপি মাঠে নামলে কিন্তু পালানোর পথ পাবে না।’
তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও বাংলাদেশ এখনো কোমর সোজা করে দাঁড়াতে পারেনি। তাই অযথা বিরোধিতা না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করতে হবে। সঠিক পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
জামায়াতে ইসলামীর প্রতি ইঙ্গিত করে বিএনপির এই নেতা বলেন, এক শ্রেণির লোক নিজেদের শক্তি না থাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার চেষ্টা করছে। তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বাধা নেই, সবাই রাজনীতি করতে পারে। তবে অপকর্ম করলে বিএনপির নেতাকর্মীরা বসে থাকবে না, শক্ত হাতে প্রতিহত করবে।
ভারত থেকে আওয়ামী লীগের কয়েকজন নেতার দেশে ফেরার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু নেতা ভারত থেকে ফিরে বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করছেন। বিএনপির ভেতরের কিছু লোভী ব্যক্তি অর্থের বিনিময়ে তাদের আশ্রয় দিচ্ছেন। এ ধরনের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের সহযোগী কিংবা তাদের মিত্রদের সঙ্গে আঁতাতকারীদের বিএনপিতে কোনো জায়গা হবে না। ক্ষমতার পরিবর্তনের পর যারা নিজেদের পরিচয় বদলে বিএনপিতে ভিড়েছেন, তাদেরও ছাড় দেওয়া হবে না।
সভায় আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম প্রমুখ।















