পলাশবাড়ীতে ডাককর্মীদের কর্মবিরতির হুঁশিয়ারি
- সর্বশেষ আপডেট ১০:৪৫:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 11
গাইবান্ধার পলাশবাড়ীতে দুই দফা দাবি বাস্তবায়নের দাবিতে উপজেলার ২১টি শাখা ডাকঘরের কর্মচারীরা কর্মসূচি পালন করেছেন। দাবি পূরণ না হলে আগামী ৬ জুলাই থেকে দেশব্যাপী পূর্ণ কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলার বিভিন্ন শাখা ডাকঘরের পোস্টমাস্টার, বিলিকারী ও ডাক বহনকারীরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন রবিউল ইসলাম এবং সঞ্চালনা করেন জাহিদ ইসলাম। বক্তব্যে অংশ নেন লালদিঘি মেলা শাখার পোস্টমাস্টার শাহিন মিয়া, আমলাগাছী শাখার শাহিন সরকার, মহিপুর বাজারের ডাক বহনকারী শারমিন আক্তার, গীদারী শাখার আবু জাহিদসহ আরও অনেকে।
বক্তারা জানান, দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ের ডাক কর্মীরা নানা ধরনের বৈষম্য ও সমস্যার মধ্যে দায়িত্ব পালন করে আসছেন। কেন্দ্রীয়ভাবে ডাক অধিদপ্তরের সামনে ইতোমধ্যে ১৭ ও ১৮ জুন আন্দোলন করা হলেও এখনো কার্যকর কোনো সিদ্ধান্ত আসেনি—এ নিয়ে তাদের মধ্যে হতাশা বাড়ছে।
তারা আরও বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৬ জুলাই থেকে সারাদেশে সব শাখা ডাকঘরে পূর্ণ কর্মবিরতি শুরু হবে। এরপরও দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর ও অনির্দিষ্টকালের দিকে যাবে বলেও সতর্ক করেন তারা।
আন্দোলনকারীরা দাবি করেন, দেশের ডাকসেবা সচল রাখতে তৃণমূল কর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ হলেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি উপেক্ষিত থেকে যাচ্ছে। দ্রুত সমাধান না হলে পুরো ডাক ব্যবস্থাই অচল হয়ে পড়তে পারে—এমন শঙ্কাও উঠে আসে আলোচনায়।
সভা শেষে কেন্দ্রীয় কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে দাবি আদায় না হলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দেন অংশগ্রহণকারীরা।
















