দেশে ধর্ষণের ঘটনা নয়, বেড়েছে নথিভূক্তি: স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৬:৫৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
- / 19
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ধর্ষণের ঘটনা নয়, বরং মামলা ও জিডি দায়েরের সুযোগ সহজ এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত হওয়ায় এ ধরনের অপরাধের নথিভুক্তির সংখ্যা বেড়েছে। তিনি বলেন, বর্তমানে থানায় বা অনলাইনে বাধাহীনভাবে অভিযোগ জানানো যাচ্ছে, ফলে প্রকৃত চিত্র পরিসংখ্যানে উঠে আসছে।
জাতীয় সংসদে আগামী অর্থবছরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় ছাঁটাই প্রস্তাবের আলোচনায় মঙ্গলবার (৩০ জুন) এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, অতীতে সামাজিক ও রাজনৈতিক নানা বাধার কারণে অনেক ধর্ষণের ঘটনা থানায় মামলা হিসেবে নথিভুক্ত হতো না। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। নারী ও শিশুরা কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ ছাড়াই থানায় কিংবা অনলাইনে জিডি ও এফআইআর করতে পারছেন। ফলে অপরাধের প্রকৃত তথ্য পরিসংখ্যানে প্রতিফলিত হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ধর্ষণের নথিভুক্ত মামলা বৃদ্ধিকে নেতিবাচকভাবে না দেখে অভিযোগ গ্রহণ ও আইনি প্রক্রিয়ার স্বচ্ছতার প্রতিফলন হিসেবে দেখা উচিত। তিনি জানান, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় পুলিশ দ্রুত ব্যবস্থা নিচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এ সময় তিনি দাবি করেন, গত ১০ থেকে ১৫ বছরের তুলনায় দেশে খুন, ডাকাতিসহ অধিকাংশ অপরাধের হার কমেছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।
এর আগে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, মার্চ ও এপ্রিল—এই দুই মাসে দেশে ৬০৫টি হত্যাকাণ্ড, ২৯৪টি ছিনতাই, ৯০টি ডাকাতি, ১৯৬টি অপহরণ, ২ হাজার ২১৪টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ৩ হাজার ৪৯৬টি ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব পরিসংখ্যান তুলে ধরে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।































