শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে ভারতের অবস্থান
- সর্বশেষ আপডেট ০৬:২৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 20
দিল্লিতে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ আয়োজনের সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই এবং সেখানে দেওয়া বক্তব্যের দায়ও সরকার নেবে না।
মঙ্গলবার (৪ আগস্ট) নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, বুধবার শেখ হাসিনা যে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অংশ নেবেন, সেটি একটি বেসরকারি সংস্থার উদ্যোগে আয়োজন করা হচ্ছে। এ অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই এবং ওই ফোরামে দেওয়া বক্তব্য সরকার সমর্থন করে না।
এর আগে, সোমবার ঢাকায় ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বৈঠক করেছেন। সেখানে তিনি, ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ নিষিদ্ধ কোনো সংগঠনের ব্যক্তি যেন ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে বা বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির মতো কার্যক্রম পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশের পক্ষ থেকে আরও জানানো হয়, এ ধরনের কর্মকাণ্ড দুই দেশের বিদ্যমান ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
জবাবে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় খোঁজখবর নিয়ে এ বিষয়ে সচেষ্ট থাকার কথা জানান।



































