জুলাই শহীদদের স্মরণে রেড ক্রিসেন্টের আলোচনা সভা
- সর্বশেষ আপডেট ০৮:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
- / 29
জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। একই সঙ্গে শহীদদের আদর্শে অনুপ্রাণিত হয়ে মানবিক সেবা, জাতীয় কল্যাণ এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা।
মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদরদপ্তরের প্রশিক্ষণ কক্ষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়। ‘মানবতা, আত্মত্যাগ ও জাতীয় চেতনায় শহীদদের অবদান’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মো. আব্দুস সালাম মানবিক সেবায় নিবেদিত বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সাতটি মৌলিক নীতির চর্চা ও বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতীয় চেতনা, মানবিক মূল্যবোধ এবং দায়িত্ববোধকে আরও সমৃদ্ধ করেছে।
তিনি আরও বলেন, একটি অন্তর্ভুক্তিমূলক, আত্মমর্যাদাসম্পন্ন ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার যে স্বপ্ন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেখেছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় সেই মূল্যবোধের প্রতিফলন পাওয়া যায়। জাতীয় ঐক্য, গণমানুষের অংশগ্রহণ এবং দেশপ্রেম রাষ্ট্রগঠনের গুরুত্বপূর্ণ ভিত্তি বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল কবির, ট্রেজারার ডা. আবু মো. মোফাখখারুল ইসলাম (রানা), ম্যানেজিং বোর্ডের সদস্য অধ্যাপক ডা. মো. সহিদুর রহমান, অ্যাডভোকেট রফিকুল ইসলাম সিকদার এবং ড. জামিল আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব কবির এম আশরাফ আলম এনডিসি। এ সময় সোসাইটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।



































