রোহিঙ্গা সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৭:০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬
- / 6
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর ওপর জোর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বর্তমান বৈশ্বিক অর্থায়ন কমে যাওয়ায় উদ্বেগও প্রকাশ করেন।
সচিবালয়ে মঙ্গলবার (৫ মে) জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইসেনের সঙ্গে বৈঠকে এই আহ্বান জানান তিনি। বৈঠকে রোহিঙ্গা শিবিরের বর্তমান পরিস্থিতি, আন্তর্জাতিক অর্থায়নের ধারা এবং প্রত্যাবাসন ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশ জনসংখ্যার চাপ থাকা সত্ত্বেও মানবিক বিবেচনায় বিপুল রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় সংকট আরও জটিল হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে টেকসই সহায়তা জরুরি। পাশাপাশি শিবির সম্প্রসারণের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছা প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বৈশ্বিক সংকট যেমন গাজা পরিস্থিতি, ইউক্রেন যুদ্ধ এবং অন্যান্য আন্তর্জাতিক ইস্যুর কারণে রোহিঙ্গা সংকট যেন আড়ালে না পড়ে যায়—সে বিষয়ে উদ্বেগও উঠে আসে। এ প্রেক্ষিতে জাতিসংঘ ও ইউএনএইচসিআরকে বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্ব দিয়ে তুলে ধরার অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
আগামী ২০ মে অনুষ্ঠিতব্য ‘জয়েন্ট রেসপন্স প্ল্যান’ উপস্থাপনা অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানায় ইউএনএইচসিআর।
এ সময় ইভো ফ্রেইসেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানান। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।































