২৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
- সর্বশেষ আপডেট ০৫:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬
- / 14
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর সেতুতে জরুরি সংস্কারকাজ শেষ হওয়ায় প্রায় ২৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে যান চলাচল। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টার দিকে সংস্কার করা লেনটি খুলে দেওয়ার পর মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।
এর আগে শুক্রবার (২৮ আগস্ট) ভোরে টানা বৃষ্টির কারণে সেতুটির ঢাকামুখী লেনে প্রায় পাঁচ মিটার দীর্ঘ একটি বড় গর্তের সৃষ্টি হয়। দুর্ঘটনার আশঙ্কায় ওই লেন দিয়ে যান চলাচল বন্ধ করে দ্রুত সংস্কারকাজ শুরু করে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
একটি লেন বন্ধ থাকায় মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এতে সোনারগাঁয়ের আষাঢ়িয়ার চর থেকে কুমিল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও পরিবহন শ্রমিকরা।
সওজের নারায়ণগঞ্জ কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আলরাজী রিয়ন জানান, বৃষ্টির কারণে সেতুতে তৈরি হওয়া গর্তটি মাইক্রো কংক্রিট দিয়ে মেরামত করা হয়। কংক্রিট শক্ত হয়ে যান চলাচলের উপযোগী হতে প্রায় ২৪ ঘণ্টা সময় প্রয়োজন হওয়ায় এ সময় লেনটি বন্ধ রাখতে হয়েছিল।
কাঁচপুর হাইওয়ে থানার ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আলম জানান, শনিবার সকাল ৯টার দিকে সেতুটি যান চলাচলের জন্য পুরোপুরি খুলে দেওয়া হয়। এরপর হাইওয়ে পুলিশের সদস্যরা প্রায় দেড় ঘণ্টা ধরে যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করেন। অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনের পর মহাসড়কের যানজটও দ্রুত কমে আসে।
বর্তমানে ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় লেনেই যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।




























