হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন: শুভেন্দু
- সর্বশেষ আপডেট ০৬:৪০:১১ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬
- / 104
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, বাংলাদেশসহ প্রতিবেশী দেশ থেকে ভারতে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষকে অনুপ্রবেশকারী হিসেবে দেখা যাবে না। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) অনুযায়ী তারা শরণার্থী হিসেবে বিবেচিত।
শনিবার (১ আগস্ট) পশ্চিমবঙ্গে ১৬তম ডিজিটাল জনগণনার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
শুভেন্দু অধিকারী বলেন, সিএএ-তে শরণার্থী ও অবৈধ অনুপ্রবেশকারীর মধ্যে সুস্পষ্ট পার্থক্য করা হয়েছে। বাংলাদেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি ও খ্রিস্টান সম্প্রদায়ের যারা আইনের আওতায় পড়েন, তারা অনুপ্রবেশকারী নন; বরং বৈধ আইনি কাঠামোর অধীনে শরণার্থী।
তিনি আরও বলেন, ভারত সরকারের ১ সেপ্টেম্বর ২০২৫ সালের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩১ ডিসেম্বর ২০১৪-এর মধ্যে ধর্মীয় নিপীড়ন বা প্রাণ বাঁচানোর তাগিদে ভারতে আশ্রয় নেওয়া এসব শরণার্থীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না এবং পুলিশও তাদের হয়রানি করতে পারবে না।
তবে অবৈধভাবে ভারতে প্রবেশকারীদের বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের দেশে থাকার সুযোগ নেই। আইন অনুযায়ী তাদের শনাক্ত করে নির্ধারিত প্রক্রিয়ায় নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তাদের দেখভালের দায়িত্ব ভারতের নয় বলেও মন্তব্য করেন তিনি।
বক্তব্যে অতীতের একটি ঘটনারও উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, আগের সরকারের আমলে বীরভূমে ভুলবশত এক ভারতীয় নাগরিক হয়রানির শিকার হয়েছিলেন। পরে তাকে ফিরিয়ে আনা হলেও বর্তমান সরকার এমন পরিস্থিতি আর তৈরি হতে দেবে না। প্রকৃত কোনো ভারতীয় নাগরিক যাতে এই প্রক্রিয়ায় হয়রানির শিকার না হন, সে বিষয়ে সরকার সতর্ক থাকবে বলেও জানান তিনি।






























