সৌদির আগুনে নিহত ৭ প্রবাসীর একসঙ্গে জানাজা
- সর্বশেষ আপডেট ০১:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
- / 17
সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর আত্রাই উপজেলার সাত প্রবাসীর জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১০টা ১৫ মিনিটে আত্রাইয়ের মোল্লা আজাদ মেমোরিয়াল কলেজ মাঠে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৪টার দিকে সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত ও পরিচয় শনাক্ত হওয়া নয় বাংলাদেশির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তাদের মধ্যে সাতজনই নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। বিমানবন্দর থেকে প্রশাসনের সহযোগিতায় রাত দেড়টার দিকে মরদেহগুলো আত্রাইয়ে নেওয়া হয়।
জানাজা শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা মরদেহ নিয়ে নিজ নিজ গ্রামের উদ্দেশে রওনা হন।
নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম রেজু বলেন, নিহতদের পরিবারকে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের পক্ষ থেকে সহযোগিতা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও সরকারি সহায়তা অব্যাহত থাকবে। এ ছাড়া অগ্নিকাণ্ডে নিহত অন্যদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াও চলছে।
সৌদি দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, নিহত সাতজন হলেন—উদনপৈ গ্রামের ময়েন উদ্দীনের ছেলে মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের সাইদুর রহমানের ছেলে রুবেল প্রামাণিক, একই গ্রামের গুফফার প্রামাণিকের ছেলে মোহন আলী, সুমন আলী ও বজলুর রহমানের ছেলে কলিমুদ্দিন, ডুবাই গ্রামের বাদল তরফদারের ছেলে সোহেল রানা এবং পারকাসুন্দা গ্রামের তমেজ উদ্দিন সরদারের ছেলে আব্দুল জলিল সরদার।





























