সাতক্ষীরায় মবকারী ফজলুল হক আমিনী গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১১:৩৪:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 9
সাতক্ষীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমকে দুইদফা মব করে হত্যার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টার দিকে কালীগঞ্জ উপজেলা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দেবহাটা সার্কেল, কালীগঞ্জ থানা, দেবহাটা থানা ও এসআরবি-৬-এর সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে আমিনীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৩ অক্টোবর দেবহাটায় ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীম (৩৮) নামের এক যুবক মব করা হয়। পরে তার মৃত্যু হয়। শামীম দেবহাটা উপজেলার সুবর্ণাবাদ গ্রামের শামছুর রহমান সানার ছেলে।
এ ঘটনায় শামীমের ভাই আব্দুল জলিল সানা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দেবহাটা থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। এতে পারুলিয়া এলাকার ফজলুল হক আমিনীকে প্রধান আসামি করা হয়।
মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত পাঁচ ও ছয় নম্বর আসামিকে গ্রেপ্তার করে। এবার মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেপ্তার করা হলো।




























