মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছে অটোরিকশাচালকরা
- সর্বশেষ আপডেট ১২:৪৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬
- / 27
রাজধানীর মোহাম্মদপুর-বসিলা সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশার চালকেরা। এতে সড়কটিতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। পাশাপাশি আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন অফিসগামী যাত্রীসহ বিভিন্ন গন্তব্যের মানুষ।
রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অটোরিকশাচালকেরা অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এরপর ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকতে হচ্ছে যাত্রীদের। রুকন উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী জানান, তিনি ধানমন্ডিতে যাওয়ার জন্য রওনা হয়েছেন। কিন্তু প্রায় পৌনে এক ঘণ্টা ধরে মোটরসাইকেলে বসে থাকলেও সামনে এগোতে পারছেন না।
আমজাদ হোসেন নামে এক বাসযাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে সরকারের নতুন করে ভাবা উচিত। চালকেরা যখন ইচ্ছা সড়ক বন্ধ করে দেবেন, এমনটা হতে পারে না। ব্যস্ত সময়ে এ ধরনের অবরোধে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অটোরিকশাচালকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তিন দিনের মধ্যে ঢাকায় অটোরিকশা চলাচল বন্ধ করে দেওয়া হবে; সড়ক ও সেতুমন্ত্রীর এমন হুঁশিয়ারির প্রতিবাদে তাঁরা এ অবরোধ কর্মসূচি পালন করছেন।
অবরোধের কারণে মোহাম্মদপুর-বসিলা সড়ক ও আশপাশের এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে উদ্বেগে পড়েছেন যাত্রীরা।






























