নতুন শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ৪ নতুন বিষয়
- সর্বশেষ আপডেট ০৭:৩৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 152
২০২৮ সাল থেকে চালুর পরিকল্পনা থাকা নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপরও গুরুত্ব দেওয়া হবে।
২০২৮ সাল থেকে চালুর লক্ষ্যে প্রণয়নাধীন নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি জানান, চতুর্থ শ্রেণি থেকে ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক দুটি পাঠ অন্তর্ভুক্ত করা হবে। আর ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘আনন্দের সঙ্গে শিক্ষা’ বিষয়।
মন্ত্রী বলেন, ২০২৭ সালে বিদ্যমান শিক্ষাক্রম বাস্তবতার আলোকে সংশোধন করে চালু করা হবে। তবে বড় ধরনের পরিবর্তন নিয়ে নতুন শিক্ষাক্রম ২০২৮ সালে কার্যকর করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
তিনি আরও জানান, নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষার ওপর গুরুত্ব দেওয়া হবে। এ জন্য কোনো একটি বিষয়ের সঙ্গে বড় পরিসরে ভাষা শিক্ষা যুক্ত করা হতে পারে।
এর আগে প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিনও নতুন শিক্ষাক্রমে চারটি নতুন বিষয় অন্তর্ভুক্তির তথ্য জানিয়েছিলেন।


































