টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে উদ্ধার ৫
- সর্বশেষ আপডেট ০৩:০১:২১ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
- / 152
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারকালে পাঁচজনকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে র্যাব-১৫-এর কর্মকর্তা সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
উদ্ধার পাঁচজনের মধ্যে চারজন কক্সবাজারের চকরিয়ার বিভিন্ন গ্রামের বাসিন্দা। অন্যজন টেকনাফ এলাকার বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে র্যাব-১৫ জানায়, রোববার (৬ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্যম কচ্ছপিয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। র্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ)-এর একটি আভিযানিক দল মধ্যম কচ্ছপিয়া এলাকার নুরুল কবিরের বসতবাড়ির সামনের সড়কে পৌঁছালে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের সদস্যরা র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মানব পাচারের শিকার পাঁচজনকে উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে র্যাব জানতে পেরেছে, অজ্ঞাতনামা পাচারকারীরা আর্থিক সুবিধা লাভে জন্য এবং জবরদস্তিমূলক শ্রম ও সেবা আদায়ের অসৎ উদ্দেশ্যে ভুক্তভোগীদের নৌকায় সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা করেছিল। এ জন্য তাদের ওই এলাকায় একত্রিত করা হয়। উদ্ধার হওয়া পাঁচজনকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।































