এফবিসিসিআইয়ের প্রশাসকের দায়িত্ব নিলেন ফজলুল হক
- সর্বশেষ আপডেট ০৬:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 4
দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিল্পোদ্যোক্তা মো. ফজলুল হক।
রোববার (২ আগস্ট) সকালে রাজধানীর মতিঝিলে ফেডারেশন ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে গত ২৬ জুলাই বাণিজ্য মন্ত্রণালয় তাকে ১২০ দিনের জন্য এফবিসিসিআইয়ের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।
মো. ফজলুল হক নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব তৈরি পোশাক প্রতিষ্ঠান প্লামি ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সাবেক সভাপতি এবং বর্তমানে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছেন।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকালে আগামী ১২০ দিনের মধ্যে এফবিসিসিআইয়ের অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করবেন তিনি। নির্বাচন শেষে নবনির্বাচিত পরিচালনা পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।
দায়িত্ব গ্রহণের পর এফবিসিসিআই সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন ফজলুল হক। এ সময় তিনি নির্ধারিত সময়ের মধ্যে স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
সভায় এফবিসিসিআইয়ের মহাসচিব মো. আলমগীর প্রশাসককে সচিবালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, নির্বাচন আয়োজনের পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন, বাণিজ্য সহজীকরণ এবং নীতিগত কার্যক্রমেও এফবিসিসিআই দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
































