স্থগিত নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৬:৪২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
- / 21
স্থগিত হওয়া সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রিলিমিনারি নিয়োগ পরীক্ষার নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে ১৬ অক্টোবর (শুক্রবার)। ওইদিন বিকেল ৩টায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শনিবার (১০ অক্টোবর) যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ও নিয়োগ কমিটির আহ্বায়ক ডিএম আতিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার নতুন তারিখ ও সময় জানিয়ে প্রার্থীদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে।
এর আগে শনিবার সকাল ১১টায় এ পদের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এ জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছিল। তবে পরীক্ষা শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করতে পরীক্ষা স্থগিত করা হয়।
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ তদন্তে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।





























