জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ
- সর্বশেষ আপডেট ০৯:৩২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / 21
স্থানীয় সরকার নির্বাচনে নারী প্রার্থীদের নিয়মকানুন এবং অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের প্রতি জোর দেয় বক্তারা। তরুণ নেত্রীদের নিজ নিজ জেলার স্বতন্ত্র নারী প্রার্থীর সাথে আলোচনা করা।
প্রবীণ রাজনৈতিক নেতাদের সাথে আলোচনার মাধ্যমে নারী নেত্রীদের চিন্তা-ভাবনা তুলে ধরার ক্ষেত্রে জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে জানালেন বক্তারা।
শনিবার (৪ জুলাই) দুপুরে “জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ” প্রকল্পের আওতায় বিভাগীয় কর্মশালায় বক্তারা একথা বলেন। নারীপক্ষের আয়োজনে কর্মশালাটি রাজধানীর রিং রোডের ‘উদ্দীপনে’ অনুষ্ঠিত হয়।
নারীর রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিভাগীয় পর্যায়ে নেটওয়ার্কিং জোরদার, প্রেক্ষাপট, চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিশ্লেষণ এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণ ইত্যাদি বিষয়গুলো তুলে ধরা হয়।
স্বাগত বক্তব্য দেন “জনজীবনে নারীর নেতৃত্ব বিকাশ” প্রকল্প পরিচালক নাসিমা আক্তার। এছাড়াও আলোচনায় অংশ নেন নারীপক্ষের সদস্য মাহিন সুলতান, অমিতা দে , নারীপক্ষের সদস্য ও প্রকল্প পরিচালক সামিয়া আফরীন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লায়েক বশির, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির ‘নার্গিস সুলতানা’ , বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি , ইডেন কলেজের শিক্ষার্থী বর্ষা চাকমা প্রমুখ।
মাহিন সুলতান বলেন, তরুণ নারী, রাজনৈতিক নেত্রী, সুশীল সমাজ নারী আন্দোলন, নারী অধিকার কর্মীরা সম্মিলিতভাবে একসাথে কাজ করলে রাজনীতিতে নারীর অধিকার, অংশগ্রহণ সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা জোরদার হবে।
তিনি আরো বলেন, সাধারণ নির্বাচনেও তাদের নির্বাচন করার অধিকার রয়েছে।
জাতীয় নির্বাচনে নারী প্রার্থীরা রাজনৈতিক পার্টি, স্থানীয় এবং সোশ্যাল মিডিয়া থেকে নানা ধরনের হুমকি পেয়েছেন। এগুলো একসাথে করে রেসপন্সিবল অথরিটিকে লিখিতভাবে চিঠি, সংবাদ সম্মেলন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে বলে জানান বক্তারা।
নারী প্রার্থীদের অধিকারের পাশাপাশি নারী নেতৃত্বে অগ্রাধিকার, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হওয়া, নারীকে টোকেন হিসেবে ব্যবহার না করা, নারী ভোটারদের’ ভোটার শিক্ষা, পারিবারিক, সামাজিক, ধর্মীয় বাধা, পুরুষতান্ত্রিক মানসিকতা, নারী প্রার্থীদের ভালোভাবে সমস্ত নিয়ম কানুন গুলো জানার প্রতিও জোর দেওয়া হয়।




































