৬০ পিস ট্যাপেন্টাডলসহ নীলফামারীতে যুবক গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ০৮:৪৫:২২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / 13
গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নীলফামারী সদরে নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ এলাকায় মাদকবিরোধী অভিযানে ৬০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. নুরুজ্জামান (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রোববার (৩ মে ২০২৬) সন্ধ্যা ৭টার দিকে দুবাছড়ী গ্রামের জয়নাল আবেদীনের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জেলা ডিএনসির উপ-পরিদর্শক মো. আলমগীর হোসেন। তার সঙ্গে সহকারী উপ-পরিদর্শক মো. সাইফুল আলম ও মো. জুলফিকার আলীসহ একটি বিশেষ দল অভিযানে অংশ নেয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে লক্ষ্মীচাপ-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে সন্দেহভাজন ওই ব্যক্তিকে নজরদারিতে রাখা হয়। পরে তাকে ঘেরাও করে আটক করা হলে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালানো হয়। এ সময় তার প্যান্টের ডান পকেট থেকে একটি পলিথিনে মোড়ানো ৬০ পিস কমলা রঙের ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রতিটি ট্যাবলেটের ওজন ০.২৭ গ্রাম হিসেবে মোট উদ্ধার মাদকের পরিমাণ দাঁড়ায় ১৬.২ গ্রাম।
ঘটনাস্থলেই জব্দ তালিকা তৈরি করে আলামত সিলগালা করা হয় এবং পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরে গ্রেপ্তারকৃত নুরুজ্জামানকে নীলফামারী সদর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জব্দকৃত আলামত বিভাগীয় হেফাজতে রাখা হয়েছে এবং দ্রুতই তা আদালতে পাঠানো হবে। পাশাপাশি মাদকবিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও জানানো হয়।





































