৩৬ দিনের কর্মসূচি ১১ দলীয় জোটের
- সর্বশেষ আপডেট ০৪:৪৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 24
জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত টানা ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। জনসচেতনতা বৃদ্ধি, জুলাই সনদ বাস্তবায়ন এবং গুম-খুনের বিচার দাবিতে দেশব্যাপী নানা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে।
ঢাকা: জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনের ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জোটের পক্ষে কর্মসূচি তুলে ধরেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
সংবাদ সম্মেলনে নেতারা জানান, জুলাই গণ-অভ্যুত্থান সম্পর্কে জনগণকে সচেতন করা, জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গড়ে তোলা এবং বিগত সরকারের আমলে সংঘটিত গুম, খুনসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১ থেকে ৫ জুলাই দেশের সব জেলা ও মহানগরে সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া ২৩ থেকে ২৫ জুলাই পর্যন্ত চিত্র প্রদর্শনী ও গ্রাফিতি অঙ্কনের আয়োজন করা হবে।
জোটের নেতারা আরও জানান, জুলাই গণ-অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে স্মৃতিচারণমূলক সমাবেশ অনুষ্ঠিত হবে। কর্মসূচির শেষ দিনে, ৫ আগস্ট সারা দেশের জেলা, উপজেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হবে।
তাদের দাবি, গণ-অভ্যুত্থানের চেতনা জনগণের মাঝে আরও জোরালোভাবে পৌঁছে দিতে এবং চলমান আন্দোলনের গতি বাড়াতে এ ধারাবাহিক কর্মসূচি নেওয়া হয়েছে।































