যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হত্যায় সুষ্ঠু তদন্ত দাবি ঢাকার
- সর্বশেষ আপডেট ০৫:২১:৩২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 29
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর মৃত্যুকে ঘিরে গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। সরকার বলছে, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিচারের আওতায় আনা এখন প্রধান অগ্রাধিকার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচার চায়। তিনি বিষয়টিকে অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন, সরকার নিহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং পুরো ঘটনাটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাঁর ভাষায়, এমন ঘটনার ক্ষেত্রে স্বচ্ছ তদন্ত ও জবাবদিহি নিশ্চিত হওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ট্র্যাজেডি এড়ানো যায়।
জানা গেছে, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন।
প্রায় ১০ দিন পর, ২৪ এপ্রিল জামিল আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে নাহিদা সুলতানার মৃত্যুর বিষয়টি তার পরিবার নিশ্চিত করে।































