মোজতবা খামেনি দেশে নেই: ইসরায়েল
- সর্বশেষ আপডেট ০৮:১৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 16
ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে দাবি করেছে ইসরায়েলের একটি নিরাপত্তা সূত্র। সৌদি আরবভিত্তিক সংবাদমাধ্যম আল-হাদাথ রোববার এ তথ্য প্রকাশ করেছে। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি জনসমক্ষে আসেননি। তার নামে প্রকাশিত বার্তাগুলোও তিনি নিজে লেখেননি বলে দাবি করেছে ইসরায়েলের ওই সূত্র।
সূত্রটির ভাষ্য, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) নতুন প্রধান আহমাদ বাহিদি এবং বাহিনীর শীর্ষ কর্মকর্তারাই মোজতবা খামেনির নামে বিবৃতি ও বার্তা প্রস্তুত করছেন। একই সঙ্গে ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার দ্বন্দ্ব আইআরজিসির অবস্থানকেও সংকটে ফেলেছে বলেও দাবি করা হয়েছে।
এ ছাড়া সূত্রটি আরও দাবি করেছে, ভবিষ্যতে ইরান ইসরায়েলে হামলা চালালেও তেহরানের বিরুদ্ধে সরাসরি সামরিক অভিযানে তেল আবিবকে অংশ নিতে যুক্তরাষ্ট্র আগ্রহী নয়।
তবে আল-হাদাথের প্রকাশিত এসব তথ্যের বিষয়ে ইরান বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


































