মানবসেবায় রোটারির সম্মাননা পেলেন ডা. রাসকিন
- সর্বশেষ আপডেট ০৮:৫৫:০৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
- / 47
মানবতার সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৫-২০২৬ সালের জন্য আন্তর্জাতিক রোটারি ইন্টারন্যাশনালের সম্মানজনক ‘এভিনিউ অব সার্ভিস’ পদক পেয়েছেন দেশের প্রথম ক্যান্সার রোগতত্ত্ব ও প্রতিরোধ বিশেষজ্ঞ রোটারিয়ান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন।
আজ শনিবার বিকেলে রাজধানীর বিয়াম অডিটোরিয়ামে রোটারি জেলা ৬৪ ও ৬৫-এর যৌথ মেম্বারশিপ সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনালের পক্ষে পদকটি তার হাতে তুলে দেন কান্ট্রি কো-অর্ডিনেটর ও সাবেক গভর্নর ইশতিয়াক আবিদুজ্জামান।
এ বছর রোটারি জেলা ৬৪ ও ৬৫ থেকে পাঁচজন করে বাংলাদেশে মোট ১০ জনকে এই সম্মাননা দেওয়া হয়েছে।
ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন দীর্ঘদিন ধরে রোটারির বিভিন্ন দায়িত্ব পালন করে আসছেন। তিনি ক্লাব প্রেসিডেন্ট, সহকারী গভর্নর, জেলা ক্যান্সার কমিটির চেয়ারম্যান ও ডেপুটি কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি রোটারি জেলা ৬৪-এর প্রশিক্ষণ সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটে প্রায় ৩০ বছর বিভিন্ন পদে দায়িত্ব পালন শেষে অধ্যাপক হিসেবে অবসর নেন ডা. রাসকিন। অবসরের পর তিনি গণস্বাস্থ্য সমাজভিত্তিক ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠার প্রকল্পে সমন্বয়কারী হিসেবে কাজ করছেন। পাশাপাশি দিনাজপুরের ‘বেগম খুরশীদ জাহান হক ইনস্টিটিউট অব ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটাল’ প্রকল্পে অবৈতনিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ ক্যান্সার ফাউন্ডেশনের সভাপতি, বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রধান সমন্বয়কারী এবং ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।
ক্যান্সার প্রতিরোধ, স্ক্রিনিং এবং অসচ্ছল ক্যান্সার রোগীদের সহায়তায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন। মানবসেবায় তার এই অবদানের স্বীকৃতি হিসেবেই রোটারি ইন্টারন্যাশনালের এ সম্মাননা প্রদান করা হয়েছে।




































