ভোট এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি: মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০৫:৪৬:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
- / 111
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ভোট এবার এতোটা উৎসবমুখর হবে কেউ ভাবেনি। মানুষের উচ্ছ্বাস দেখে সারাদিনে প্রায় শতাধিক কেন্দ্র ঘুরে দেখেছি। এখন পর্যন্ত নির্বাচন সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।’
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, নির্বাচনে ভালো ফলাফল আশা করা যায় এবং এর মাধ্যমে জনগণ একটি নির্বাচিত সরকার ও পার্লামেন্ট পাবে, যা অর্জনের জন্য বিএনপি ১৬ বছর লড়াই করেছে।
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন, ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন।
মোট ভোটার সংখ্যা তিনটি আসনে মিলিয়ে ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২ হাজার ৩২৬ এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।






























