বুড়িগঙ্গায় লঞ্চ-ট্রলার সংঘর্ষ, নিখোঁজ দুই
- সর্বশেষ আপডেট ০১:৩৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
- / 17
রাজধানীর শ্যামবাজার ঘাটে ভয়াবহ নৌ-দুর্ঘটনায় একটি ট্রলার মুহূর্তেই বুড়িগঙ্গার পানিতে তলিয়ে গেছে। বরিশাল থেকে ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় ঘটে এই দুর্ঘটনা। ট্রলারে থাকা ১০ আরোহীর মধ্যে ৮ জন প্রাণে বাঁচলেও এখনও ২ জন নিখোঁজ, তাদের উদ্ধারে চলছে ডুবুরি দলের অভিযান।
রবিবার (১৯ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে শ্যামবাজার ঘাটসংলগ্ন এলাকায় ঘটে এ দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, ধাক্কার পর কয়েক সেকেন্ডের মধ্যেই ট্রলারটি পানির নিচে চলে যায়। চারদিকে শুরু হয় চিৎকার-চেঁচামেচি। আশপাশের নৌযান ও স্থানীয়দের সহায়তায় কয়েকজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজারে নতুন তৈরি করা হয়েছিল। সেটি কুমিল্লার মুরাদনগরের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রমের সময় ট্রলারের প্রপেলার কোনো কিছুর সঙ্গে আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। ঠিক তখনই বরিশাল থেকে আসা ঢাকাগামী সুন্দরবন-১২ লঞ্চ ট্রলারটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারটি দ্রুত ডুবে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ইতোমধ্যে ৮ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনও নিখোঁজ রয়েছেন দুই আরোহী। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিরবচ্ছিন্নভাবে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে ৯টা ৫০ মিনিটে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা হয়েছে এবং সেটি উদ্ধারের পাশাপাশি নিখোঁজদের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে।
































