বিমানের বহর বাড়াতে বোয়িং ‘লিজে’ আগ্রহ সরকারের
- সর্বশেষ আপডেট ০৩:৪৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
- / 44
দেশের আকাশপথে যাত্রীবাহী সেবার চাহিদা বৃদ্ধি মোকাবেলায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বোয়িং থেকে লিজের ভিত্তিতে নতুন বিমান সংগ্রহের আগ্রহ প্রকাশ করেছে।
রোববার সচিবালয়ে মন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বোয়িং-এর ভাইস প্রেসিডেন্ট পল রিঘি।
বৈঠকে গত সরকারের সঙ্গে বোয়িং চুক্তি, ন্যারো বডি বিমান এবং বিশেষ করে বি৭৩৭ সিরিজের লিজ সংক্রান্ত বিষয়গুলি বিস্তারিতভাবে আলোচনা করা হয়।
মন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে দেশের বিমান চলাচলের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ চাহিদার ভিত্তিতে লিজের প্রস্তাবের ফলপ্রসূ আলাপ হয়।
পল রিঘি বলেন, বোয়িং ন্যারো বডি বিমান লিজ দেওয়ার বিষয়ে আগ্রহী। আলোচনার শেষে মন্ত্রী দেশের স্বার্থ রক্ষা এবং যাত্রীসেবা উন্নত করতে দ্রুত লিজ কার্যক্রম এগিয়ে নেওয়ার নির্দেশ দেন।
মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
































