বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি
- সর্বশেষ আপডেট ০৬:২৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
- / 9
জাতীয় সংসদে দেওয়া তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে আয়ের তুলনায় ব্যয়ের ভার বহুগুণ বেশি বহন করেছে। বিজ্ঞাপনসহ মোট আয় যেখানে সীমিত, সেখানে ব্যয়ের পরিমাণ অনেক বেশি হওয়ায় আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নও উঠে এসেছে।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন সংসদে জানান, চলতি অর্থবছরের মে পর্যন্ত ১১ মাসে বিটিভি করসহ মোট আয় করেছে ৮ কোটি ৫ লাখ ৩৫ হাজার টাকা। একই সময়ে প্রতিষ্ঠানটির ব্যয় দাঁড়িয়েছে ২৫৪ কোটি ১৮ লাখ ৪৫ হাজার টাকায়।
তিনি আরও জানান, এই আয়ের বড় অংশ এসেছে বিজ্ঞাপন খাত থেকে, যার পরিমাণ ৫ কোটি ৭ লাখ ৯ হাজার ৪১৭ টাকা।
সংসদে ২২ জানুয়ারি নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদার প্রশ্নের জবাবে এই তথ্য উপস্থাপন করা হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতেই প্রশ্নোত্তর পর্বে বিষয়টি আলোচনায় আসে।
মন্ত্রী বিটিভির বিভিন্ন অর্থবছরের আয়-ব্যয়ের তুলনামূলক চিত্রও তুলে ধরেন। তথ্যে দেখা যায়, ২০২০–২১ অর্থবছরে আয় ছিল ৩৪ কোটি ৫ লাখ ৯৯ হাজার টাকা, ব্যয় ২৮০ কোটি ৮১ লাখ ৩৬ হাজার টাকা। ২০২১–২২ অর্থবছরে আয় ৪০ কোটি ২৬ লাখ ৬০ হাজার টাকা, ব্যয় ২৮৫ কোটি ৪৭ লাখ ২৭ হাজার টাকা।
২০২২–২৩ অর্থবছরে আয় নেমে আসে ৩০ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার টাকায়, তবে ব্যয় বেড়ে দাঁড়ায় ৩৭০ কোটি ৬১ লাখ ৫১ হাজার টাকা। ২০২৩–২৪ অর্থবছরে আয় কিছুটা বেড়ে ৪৪ কোটি ২১ লাখ ২২ হাজার টাকা হলেও ব্যয় ছিল ২৯৮ কোটি ৫৭ লাখ ৬০ হাজার টাকা। সর্বশেষ ২০২৪–২৫ অর্থবছরে আয় ২৭ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকা, আর ব্যয় ৩০৭ কোটি ৯২ লাখ ২২ হাজার টাকা।































