বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা
- সর্বশেষ আপডেট ০১:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
- / 7
নবনিযুক্ত সিভিল সার্জন ডা. মনিরুজ্জামানকে অপসারণের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে এবার বরিশাল সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। রোববার (২ আগস্ট) সকালে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় থেকে বের করে দিয়ে প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়।
কার্যালয় সূত্র জানায়, বেলা প্রায় ১১টা ৫০ মিনিটে আন্দোলনকারীরা একে একে বিভিন্ন কক্ষে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বাইরে চলে যেতে অনুরোধ করেন। সবাই বের হয়ে যাওয়ার পর প্রধান ফটকে তালা লাগিয়ে দেওয়া হয়। পরে কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয়ের বাইরে অবস্থান করতে দেখা যায়।
জেলা নার্সিং কর্মকর্তা মো. কামরুল হাসান বলেন, আন্দোলনকারীরা সব কর্মকর্তা-কর্মচারীকে কার্যালয় থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন।
আন্দোলনের নেতৃত্বদানকারী ছাত্র অধিকার পরিষদের বরিশাল জেলা সভাপতি ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী সাব্বির হোসেন সোহাগ বলেন, ডা. মনিরুজ্জামানকে অপসারণের লিখিত আদেশ হাতে না পাওয়া পর্যন্ত কার্যালয়ের তালা খোলা হবে না।
এর আগে গত ২৬ জুলাই আন্দোলনকারীরা সিভিল সার্জনের দপ্তরেও তালা ঝুলিয়ে দেন। এরপর থেকে প্রতিদিন অফিস চলাকালে ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী সেখানে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ পালন করে আসছেন। ওই দিন থেকেই ডা. মনিরুজ্জামান তার কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
এদিকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে ডা. মনিরুজ্জামানকে বরিশালের সিভিল সার্জন পদ থেকে প্রত্যাহার করে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয়েছে। মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত ওই আদেশ ৩০ জুলাই জারি করা হয়।
উল্লেখ্য, ডা. মনিরুজ্জামান গত ২৪ জুলাই বরিশালের সিভিল সার্জন হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার দুই দিনের মাথায় তাকে অপসারণের দাবিতে আন্দোলন শুরু হয়। আন্দোলনকারীদের অভিযোগ, তিনি পূর্ববর্তী সরকারের ‘দোসর’; এ অভিযোগে তার অপসারণের দাবি জানিয়ে তারা টানা কর্মসূচি পালন করে আসছেন।































