ফজরের নামাজের সিজদায় গিয়ে আর উঠলেন না ইমাম
- সর্বশেষ আপডেট ১২:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
- / 95
পটুয়াখালীর সদর উপজেলায় ফজরের নামাজের সময় সিজদায় গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ নামে এক ইমাম। সোমবার (১৭ আগস্ট) ভোরে মৌকরন ইউনিয়নের শ্রীরামপুর বাজার মসজিদে এ ঘটনা ঘটে।
মসজিদ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোরেও ফজরের নামাজ পড়াতে প্রস্তুতি নেন আতাউল্লাহ। সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সিজদায় যাওয়ার পর দীর্ঘ সময় পার হলেও তিনি আর ওঠেননি। পরে মুসল্লিরা কাছে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
হাফেজ মুহাম্মদ আতাউল্লাহ দুমকী উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তালুকদার বাজারসংলগ্ন এলাকার বাসিন্দা। তার বাবা মাওলানা আব্দুস সালাম। বাবার একমাত্র সন্তান আতাউল্লাহ পটুয়াখালীর জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় পড়াশোনা করেছেন। তিনি দুই সন্তানের বাবা ছিলেন।
স্থানীয়রা জানান, প্রায় দেড় বছর ধরে শ্রীরামপুর বাজার মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন আতাউল্লাহ। ইমামতির পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে তার ছিল ভালো সম্পর্ক। শান্ত ও নম্র স্বভাবের কারণে মুসল্লিদের কাছেও তিনি ছিলেন জনপ্রিয়।
এক প্রতিবেশী জানান, আতাউল্লাহ অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ ছিলেন। সবার সঙ্গে আন্তরিকভাবে কথা বলতেন এবং কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখা যায়নি। নিয়মিত নামাজ আদায়ের পাশাপাশি ধর্মীয় অনুশাসন মেনে চলতেন তিনি।
আতাউল্লাহর মামাতো ভাই মহিবুল্লাহ বলেন, পরিবারের একমাত্র সন্তান ছিলেন তিনি। তার দুটি ছোট সন্তান রয়েছে। আকস্মিক এ মৃত্যুতে পরিবারের সদস্যরা ভেঙে পড়েছেন।
ইমামের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মসজিদের মুসল্লি, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সকালে তাকে শেষবারের মতো দেখতে বাড়ি ও মসজিদে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার জোহরের নামাজের পর শ্রীরামপুর বাজার মসজিদের সামনে আতাউল্লাহর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে আসরের নামাজের পর নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।





























