পিচ্চি হান্নানের ঘনিষ্ঠ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার
- সর্বশেষ আপডেট ১২:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
- / 10
চাঁদপুরের ফরিদগঞ্জ থানায় করা অস্ত্র মামলায় ১৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং দীর্ঘ ১৯ বছর ধরে পলাতক আসামি মো. মাসুদুল করিম ওরফে মাসুদ মিয়া ওরফে ‘কিলার মাসুদ’কে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-৩ ও র্যাব-৭-এর যৌথ অভিযানে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার পাঠানতুলী নাজমা ম্যানশন এলাকা থেকে গত ১৮ আগস্ট রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাসুদুল করিমের বয়স ৫৫ বছর। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পূর্ব লাড়ুয়া এলাকার মৃত আব্দুল হালিম ভূইয়ার ছেলে। র্যাবের দাবি, তিনি ঢাকার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হান্নানের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
র্যাব জানায়, ২০০৭ সালে ফরিদগঞ্জ থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মাসুদুল করিমের বিরুদ্ধে মামলা হয়। ওই মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান।
দীর্ঘদিন পলাতক থাকার সময়ে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে অবস্থান করতেন মাসুদ। নিজের নাম ও বেশভূষাও পরিবর্তন করে তিনি জীবনযাপন করছিলেন বলে জানিয়েছে র্যাব।
সম্প্রতি ফরিদগঞ্জ থানার মামলার তথ্যের ভিত্তিতে র্যাব-৩-এর একটি দল তার অবস্থান শনাক্ত করে। পরে র্যাব-৭-এর সহযোগিতায় চট্টগ্রামের ডাবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানিয়েছে, গ্রেপ্তার মাসুদুল করিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।





























