পরিদর্শনে এসি ল্যান্ড না থাকায় অসন্তোষ প্রতিমন্ত্রীর
- সর্বশেষ আপডেট ০৬:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 6
সাভারের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে সেবার দুর্বলতা ও কর্মকর্তাদের অনুপস্থিতিতে অসন্তোষ প্রকাশ করেছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
সোমবার সকালে সাভারের আমিনবাজার ও আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শন করেন ভূমি প্রতিমন্ত্রী। এ সময় তিনি লক্ষ্য করেন, সহকারী কমিশনার (ভূমি) নির্ধারিত সময়ে কার্যালয়ে উপস্থিত ছিলেন না। পাশাপাশি আট কর্মকর্তার মধ্যে মাত্র দুজনকে অফিসে পাওয়া যায়।
পরিদর্শনের সময় সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তারা দীর্ঘ অপেক্ষা ও বারবার অফিসে আসার পরও সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন। এসব শুনে তিনি সেবার দীর্ঘসূত্রতা ও প্রশাসনিক দুর্বলতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
পরে তিনি সিসিটিভি ফুটেজ ও উপস্থিতি রেজিস্টার যাচাই করেন এবং তথ্যকেন্দ্র, হেল্প ডেস্ক, রেকর্ড কিপিং ও ডেটা এন্ট্রি ইউনিটের কার্যক্রম পর্যালোচনা করেন। সেবাপ্রক্রিয়া আরও দ্রুত ও কার্যকর করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি।
আশুলিয়া রাজস্ব সার্কেল কার্যালয় পরিদর্শনের সময় লাইসেন্সবিহীন নামজারি কার্যক্রম ও কিছু অবৈধ স্থাপনা নজরে এলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভূমি সেবায় কোনো ধরনের অবহেলা গ্রহণযোগ্য নয়। জনগণকে হয়রানিমুক্ত, দ্রুত ও কার্যকর সেবা দিতে কর্মকর্তাদের আরও দায়িত্বশীল হতে হবে।





































