পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন
- সর্বশেষ আপডেট ০২:৫৩:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
- / 67
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
ইশরাক হোসেন জানান, তিনি মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেছেন। প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন বলেও দাবি করেন তিনি।
ইশরাক বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আজকের দিন থেকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি। পুরো সময়টা ঢাকা-৬ আসন ও পার্শ্ববর্তী এলাকায় মাদক নির্মূল এবং অন্যান্য সমস্যা নিয়ে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী সম্মতি দিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’
সাম্প্রতিক আলোচনা-সমালোচনা প্রসঙ্গে ইশরাক বলেন, গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে কিছু সত্য থাকলেও কিছু বিষয় অতিরঞ্জিত করা হয়েছে এবং কল্পকাহিনি তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, তাকে লক্ষ্যবস্তু করে হেয় করা হয়েছে, এতে দলও বিব্রত হয়েছে।
এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক জানিয়েছিলেন, বেলা ২টায় জাতীয় প্রেসক্লাবে উপস্থিত হয়ে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন। পাশাপাশি সাংবাদিকদের সামনে সাম্প্রতিক ঘটনা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরার কথাও জানিয়েছিলেন তিনি।
সম্প্রতি নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে ব্যক্তিগত অস্ত্র প্রদর্শনকে কেন্দ্র করে ইশরাককে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ ঘটনার পর তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর প্রকাশিত হয়। তবে পরে ইশরাক ওই খবর সঠিক নয় বলে দাবি করেন।
সোমবার দুপুর ২টার দিকে বিপুলসংখ্যক নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় প্রেসক্লাবে পৌঁছান ইশরাক। তাদের উপস্থিতিতে প্রেসক্লাব প্রাঙ্গণে ভিড় ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সংবাদ সম্মেলন শুরুর আগে ‘মোবাইল সাংবাদিকদের’ বের হয়ে যেতে বলা হলে এ নিয়ে হট্টগোল শুরু হয়। পরে সব সাংবাদিকের উপস্থিতিতেই সংবাদ সম্মেলন শুরু করেন তিনি।




























