ঢাকা রাতারাতি বদলানো সম্ভব নয়: মির্জা ফখরুল
- সর্বশেষ আপডেট ০৩:১২:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
- / 14
রাজধানী ঢাকার দীর্ঘদিনের অব্যবস্থাপনা একদিনে দূর করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ঢাকা দেশের অর্থনীতির কেন্দ্র হওয়ায় এর সমস্যা বহু বছরের। তাই কোনো প্রশাসক রাতারাতি সবকিছু বদলে ফেলতে পারবেন না।
বুধবার (১৫ জুলাই) রাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্ষা মৌসুম এলেই রাজধানীতে সমন্বয়হীনতার সমস্যা আরও স্পষ্ট হয়ে ওঠে। সীমিত সম্পদের উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশে ঢাকার জনসংখ্যা ও বর্জ্যের পরিমাণ দ্রুত বাড়লেও নাগরিকদের দায়িত্ববোধ ও সচেতনতার ঘাটতি এখনো বড় চ্যালেঞ্জ।
তিনি বলেন, বিদেশে মানুষ একটি চকলেটের মোড়ক ফেলতেও ডাস্টবিন খোঁজেন। এই অভ্যাস মানসিকতার বিষয়। দেশেও এমন সচেতনতা গড়ে তুলতে হবে।
মির্জা ফখরুল বলেন, রাজধানীকে বাসযোগ্য করতে রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। গুলশান, বনানী ও বারিধারার মতো এলাকার সচেতন নাগরিকদের মাধ্যমে পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ ছড়িয়ে দেওয়া সম্ভব। একই সঙ্গে স্কুল পর্যায় থেকেই বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক দায়িত্ববোধের শিক্ষা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নদী দখলের বিষয়ে তিনি বলেন, তুরাগ ও বুড়িগঙ্গা নদী দখলমুক্ত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এই নদীগুলো রক্ষা করা না গেলে ঢাকাকেও রক্ষা করা সম্ভব হবে না।
এ সময় রাজধানীতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ট্রাফিক সিগন্যাল চালুর সুফলের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, আইন ভাঙলে স্বয়ংক্রিয় ব্যবস্থা নেওয়ার কারণে সড়কে শৃঙ্খলা কিছুটা ফিরতে শুরু করেছে।



































