কক্সবাজারের টুপটুপ রিসোর্টে আগুনে ৭ জনের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০১:৩৫:৪১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
- / 24
কক্সবাজারের মেরিন ড্রাইভে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও কয়েকজন। আগুনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৭ অক্টোবর) সকালে রিসোর্টটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।
টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে এর মধ্যেই রিসোর্টের শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র (এসি) ও সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন দ্রুত পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। উদ্ধারকাজ চালিয়ে হতাহতদের বের করে আনা হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।
এ ঘটনায় দগ্ধ আরও কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা পর্যটক।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুনে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।






























