টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, মালিকের বিরুদ্ধে মামলা
- সর্বশেষ আপডেট ১২:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 22
কক্সবাজারের উখিয়ার পাটুয়ারটেক এলাকায় টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) রাতে পুলিশ বাদী হয়ে মামলাটি করে। রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার বিকেলে রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়। মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসোর্টে আগুন লাগে। এতে ১০ জনের প্রাণহানি ঘটে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে, অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মরদেহ শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
উখিয়া থানার ওসি আতিকুর রহমান মজুমদার বলেন, মরদেহগুলো কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
কক্সবাজারে সিআইডির বিশেষ পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, ডিএনএ পরীক্ষার জন্য প্রয়োজনীয় নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হবে। প্রয়োজনে ঢাকা থেকে সিআইডির বিশেষজ্ঞ দল এনে কক্সবাজারেই ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হবে।
কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। তদন্তের মাধ্যমে আগুনের সূত্রপাতের কারণ জানা যাবে।




























