জুলাইয়ে নবম পে-স্কেল, শিগগিরই গেজেট
- সর্বশেষ আপডেট ০৩:৩৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 31
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম জাতীয় পে-স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের প্রস্তুতি চলছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয় নতুন বেতন কাঠামোর গেজেট প্রকাশ করবে। এ লক্ষ্যে বাজেটে বিশেষ বরাদ্দ রাখার পরিকল্পনাও রয়েছে।
সরকার নতুন অর্থবছরের শুরু থেকেই নবম জাতীয় পে-স্কেল কার্যকর করতে কাজ এগিয়ে নিচ্ছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, জুনের মধ্যেই গেজেট প্রকাশের প্রস্তুতি চলছে।
নতুন পে-স্কেল বাস্তবায়নে আসন্ন বাজেটে প্রায় ৩৫ হাজার কোটি টাকার বিশেষ থোক বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। তবে কমিশনের সব সুপারিশ একসঙ্গে বাস্তবায়নে এক লাখ কোটি টাকার বেশি প্রয়োজন হওয়ায় সরকার এটি ধাপে ধাপে কার্যকরের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, সরকারি চাকরির বর্তমান ২০টি গ্রেড বহাল থাকবে। সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে ২০ হাজার টাকা এবং প্রথম গ্রেডের সর্বোচ্চ বেতন ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ৬০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করা হয়েছে।
নতুন পে-স্কেলের আওতায় প্রায় ৯ লাখ পেনশনভোগীকেও অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের পেনশন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়ও বিবেচনায় রয়েছে।
সরকারি সূত্র জানায়, আর্থিক সক্ষমতা বিবেচনায় পে-স্কেল তিন ধাপে বাস্তবায়ন করা হতে পারে। প্রথম ধাপে আগামী ১ জুলাই থেকে মূল বেতনের প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি অংশ পরবর্তী দুই বছরে সমন্বয় করা হবে।
তবে ধাপে ধাপে বাস্তবায়নের পরিকল্পনায় অসন্তোষ জানিয়েছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ। তাদের দাবি, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নতুন পে-স্কেল এক ধাপেই শতভাগ বেতন বৃদ্ধিসহ কার্যকর করা উচিত।































