গাজা ও লেবানন-সিরিয়া সীমান্তে হামলা, নিহত ১৫
- সর্বশেষ আপডেট ১০:৪৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 81
ফিলিস্তিনের গাজা উপত্যকা ও লেবানন-সিরিয়া সীমান্তে ভয়াবহ হামলা চালিয়েছে ইসলায়েল। প্রাণঘাতী এই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও উভয় পক্ষের অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যেই এ হামলার ঘটনা ঘটে। এছাড়া লেবানন-সিরিয়া সীমান্তেও পৃথক ইসরায়েলি বিমান হামলায় চারজনের প্রাণহানির খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, রোববার সকালে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স ও স্বাস্থ্য কর্মকর্তারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, উত্তর গাজায় একটি তাবু শিবিরে হামলায় অন্তত ছয়জন নিহত হন। একই সময়ে গাজার দক্ষিণ অংশে আরেকটি হামলায় আরও পাঁচজনের মৃত্যু হয়।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তারা ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ আঘাত হেনেছে। তাদের দাবি, ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় একটি সুড়ঙ্গ থেকে বেরিয়ে আসা যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয় এবং এতে কয়েকজন নিহত হয়।
গত বছরের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে প্রায় প্রতিদিনই চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েল ও হামাস একে অপরকে দোষারোপ করে আসছে।
পৃথক প্রতিবেদনে সংবাদমাধ্যম আল জাজিরা লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলায় প্রাণহানির খবর দিয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, লেবানন-সিরিয়া সীমান্তের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ হামলা হয় বলে বিবৃতিতে জানানো হয়েছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, নিহতদের একজন সিরিয়ার নাগরিক। তার নাম খালেদ মোহাম্মদ আল-আহমদ। ইসরায়েলি সেনাবাহিনী হামলার কথা নিশ্চিত করে জানায়, তারা লেবাননে ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজে) সদস্যদের লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে দাবির পক্ষে কোনও প্রমাণ দেয়নি তারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, লেবাননের মাজদাল আঞ্জার এলাকায় এ হামলা চালানো হয়। পিআইজে এ বিষয়ে তাৎক্ষণিক কোনও মন্তব্য করেনি।




































