এআই সেবায় ৫০০ কোটি টাকার বরাদ্দ বাজেটে
- সর্বশেষ আপডেট ০৬:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
- / 23
২০২৬–২৭ অর্থবছরের জাতীয় বাজেটে নাগরিক সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারকে কেন্দ্র করে ৫০০ কোটি টাকার বরাদ্দের ঘোষণা এসেছে। স্মার্ট সিটি, দক্ষ প্রশাসন এবং তরুণ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানানো হয়েছে।
জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এআই প্রযুক্তিকে দেশের উন্নয়ন ও আধুনিকায়নের একটি বাস্তব হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। তাঁর মতে, সেবা প্রদান ব্যবস্থা আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করতে সরকারি কার্যক্রমে ডাটা ও এআই-নির্ভর ব্যবস্থা যুক্ত করা হবে।
বক্তৃতায় তিনি আরও উল্লেখ করেন, শিক্ষা খাতে এআই অন্তর্ভুক্তি, স্মার্ট সিটি নির্মাণ এবং তরুণদের স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর উদ্যোগে সম্পৃক্ত করাই সরকারের প্রধান অগ্রাধিকার। নারী উদ্যোক্তা তৈরি ও ফ্রিল্যান্সিং খাতেও এই তহবিল ব্যবহার করা হবে।
নতুন বাজেটের আকার দাঁড়িয়েছে প্রায় ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যেখানে রাজস্ব আয়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। বাজেট ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫১ হাজার কোটি টাকা, যা জিডিপির প্রায় ৩.৬ শতাংশ।
১৯৭২ সালে ৭৮৬ কোটি টাকার ছোট বাজেট থেকে শুরু করে দেশের অর্থনীতি এখন কয়েক লাখ কোটি টাকার কাঠামোয় পৌঁছেছে—এ কথা তুলে ধরেন অর্থমন্ত্রী।



































