মামুনের জবানবন্দি
রাতের ভোটের মূল পরিকল্পনাকারী নাম প্রকাশ
- সর্বশেষ আপডেট ০৯:৩৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
- / 225
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে পুলিশে যেভাবে রাজনৈতিক মেরুকরণ করা হয়েছে, তার একটি চিত্র উঠে এসেছে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাজবন্দি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের জবানবন্দিতে। জবানবন্দিতে তিনি বলেছেন, ২০১৮ সালের রাতের ভোটের পরামর্শ আসে তৎকালীন পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারির কাছ থেকে। গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তারা কিভাবে ক্ষমতার অপব্যবহার করে বেয়াড়া হয়ে ওঠেন, তাও তুলে ধরেছেন গ্রেপ্তার সাবেক আইজিপি মামুন।
দেশের আইন-শৃঙ্খলা রক্ষার প্রধান দায়িত্বে থাকা বাহিনী পুলিশ; যেভাবে হীন স্বার্থে ব্যবহার করা যায়, শেখ হাসিনা তার সবকিছুই করেছেন। যে বাহিনীর সদস্যদের হওয়ার কথা ছিল সৎ, দায়িত্বশীল ও জনগণের বন্ধু, তাদের অনেকেই হয়ে ওঠেন মানবাধিকার ও গণতন্ত্রের হন্তারক।
গত দেড় দশকে স্বজনপ্রীতি, এলাকা কোটা আর অনিয়মের ঘুণপোকা কিভাবে পুলিশকে কুঁড়ে খেয়েছে, তার কিছুটা উঠে এসেছে বাহিনীটির সাবেক আইজিপি মামুনের জবানবন্দিতে। তিনি বলেছেন, ২০১৪ সালের পর থেকেই মূলত পুলিশের রাজনৈতিক মেরুকরণ ও গোপালগঞ্জকেন্দ্রিক বিভিন্ন বলয় গড়ে ওঠে। অনেক পুলিশ কর্মকর্তা আইন-কানুনের তোয়াক্কা না করে হাসিনা সরকারের এজেন্ডা বাস্তবায়নে তৎপর ছিলেন।
২০১৮ সালের পর পুলিশে আরও বাড়ে রাজনৈতিক হস্তক্ষেপ। প্রভাবশালী কর্মকর্তারা সিনিয়রদের নির্দেশ মানতেন না; জবানবন্দিতে উল্লেখ করেন সাবেক আইজিপি মামুন। তারা চলতেন নিজের ইচ্ছেমতো। আবার গোপালগঞ্জের পুলিশ কর্মকর্তাদের মধ্যেও ছিল স্বার্থের দ্বন্দ্ব; যা বাহিনীর ভেতরে একরকম ওপেন সিক্রেট ছিল। এসব দ্বন্দ্ব মীমাংসার সুযোগে আইজিপি হিসেবে কপাল খুলে যায় মামুনের। তাকে দু’দফায় মোট ২২ মাস আইজিপির দায়িত্বে রাখা হয়।

জবানবন্দিতে চৌধুরী আবদুল্লাহ আল মামুন আরও জানান, সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারীই ২০১৮ সালের কুখ্যাত রাতের ভোটের মূল পরিকল্পনাকারী। ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখার পরামর্শ এসেছিল জাবেদ পাটোয়ারীর কাছ থেকেই। তিনিই শেখ হাসিনাকে বলেন, প্রশাসন ও দলীয় কর্মীদের ব্যবহার করে ভোটের বাক্স ভরে রাখতে।
আইজিপি মামুনের এ জবানবন্দির মধ্য দিয়ে এই প্রথম ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের প্রক্রিয়া আইনি পরিসরে নথিভুক্ত হলো।






























