প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ
- সর্বশেষ আপডেট ১০:২৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
- / 31
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। এ ঘটনায় দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বলে দাবি করেছে সরকার-সংশ্লিষ্ট একাধিক সূত্র।
রোববার (১৮ অক্টোবর) বিকেলে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে ইশরাক হোসেনকে ডেকে পাঠান প্রধানমন্ত্রী। সেখানে তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয় বলে উচ্চপর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে। তবে রোববার রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সরকারের দায়িত্বশীল কোনো ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেলে রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ গুমটিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তাঁর ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে কয়েকজনকে ধরার নির্দেশ দিচ্ছেন তিনি। এ সময় তাঁর সঙ্গে থাকা দেহরক্ষীরাও কয়েকজনকে আটক করতে এগিয়ে যান। ভিডিওতে একজনকে গুলি করার হুমকি দিতেও শোনা যায়। এ ছাড়া এক দেহরক্ষীকে এক তরুণকে লাথি মারতে দেখা যায়।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর একজন প্রতিমন্ত্রীর এ ধরনের অভিযানে অংশ নেওয়া এবং অস্ত্র প্রদর্শনের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে। মন্ত্রী বা প্রতিমন্ত্রীরা ব্যক্তিগত অস্ত্র হাতে নিয়ে কাউকে আটক করতে পারেন কি না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো অভিযান পরিচালনার ক্ষেত্রে তাঁদের আইনগত ক্ষমতার সীমা কতটুকু, তা নিয়েও আলোচনা শুরু হয়।
এদিকে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগের উপকমিশনারকে। রোববার ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, তদন্তে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রতিমন্ত্রীকে পদত্যাগের নির্দেশ দেওয়ার বিষয়ে সরকারের আনুষ্ঠানিক ঘোষণা না আসায় বিষয়টি এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।































