নীলফামারী চেম্বারের নেতৃত্বে মাহবুব-রাজ-স্বপন
- সর্বশেষ আপডেট ১২:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬
- / 36
নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচনে মাত্র ৪ ভোটের ব্যবধানে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মাহবুব উর রহমান মাহবুব। এছাড়া নেতৃত্বে এসেছেন সিনিয়র সহসভাপতি পদে রাজ কুমার পোদ্দার এবং সহসভাপতি পদে মো. আকতার হোসেন স্বপন নির্বাচিত হয়েছেন।
শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা থেকে শহরের রাবেয়া বালিকা বিদ্যালয় নিকেতন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
সভাপতি পদে মাহবুব উর রহমান মাহবুব ২৮০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সোহেল পারভেজ পেয়েছেন ২৭৬ ভোট। এ পদে মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচিত সভাপতি মাহবুব পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও দোকান মালিক সমিতির সভাপতি। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী সোহেল পারভেজ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি।
সিনিয়র সহসভাপতি পদে ৩৬১ ভোট পেয়ে রাজ কুমার পোদ্দার নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু সালেহ সোহেল রানা পেয়েছেন ২১৪ ভোট।
সহসভাপতি পদে মো. আকতার হোসেন স্বপন ৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী মো. ফরহানুল হক পেয়েছেন ১৩১ ভোট।
সাধারণ গ্রুপের ১২টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন মো. গোলাম মোস্তফা রঞ্জু, মো. মুক্তার হোসেন, সুশান্ত কুমার, মো. হাসানুজ্জামান, মো. তারিকুল আলম, তাপস কুমার সাহা, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. রেজওয়ান আহমেদ, মো. সাকিল আহমেদ, মো. আকিবুর রহমান, মো. মশগুল ইসলাম ও মো. মাহবুবর রহমান মনি। এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৮ জন।
সহযোগী সদস্য গ্রুপের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন মো. আবুল কালাম মিঠু, মোহাম্মদ মমতাজ, মোবাশ্বের আলম প্রিন্স, মো. মতিয়ার রহমান ও মো. আজিজুল ইসলাম। এ গ্রুপে প্রার্থী ছিলেন আটজন।
এ ছাড়া নির্বাহী সদস্য (ট্রেড) দুটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ) নীলফামারী জেলার সভাপতি আব্দুল ওয়াহেদ সরকার এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন।
নির্বাচনে মোট ২২টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৬৮৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৫৯০ জন। এর মধ্যে ১০টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচন বোর্ডের প্রধান আবু মোহাম্মদ সোয়েম বলেন, কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই প্রভাবমুক্ত, নিরপেক্ষ ও স্বচ্ছতার সঙ্গে নির্বাচন সম্পন্ন হয়েছে।































