২০৩০ সালের মধ্যে ফ্যামিলি কার্ড পাবে ১ কোটি ৬১ লাখ পরিবার
- সর্বশেষ আপডেট ০৯:৪৪:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
- / 31
দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় আনতে ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার লক্ষ্য নিয়েছে সরকার।
এ লক্ষ্যে চলতি অর্থবছরেই সারা দেশে ৪১ লাখ নতুন কার্ড বিতরণ এবং ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহে সমন্বিত পরিবার শুমারি শুরু হবে।
জাতীয় সংসদে মঙ্গলবার প্রশ্নোত্তর পর্বে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের পক্ষে এ তথ্য জানান।
তিনি বলেন, বর্তমানে সমাজসেবা অধিদফতরের আওতায় ৪৪ জেলার ৫৫টি উপজেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে ৬৯ হাজার ৩৮৭টি নারী-প্রধান পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়া হচ্ছে। এসব তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই দেশব্যাপী সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করা হবে। এতে ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে আধুনিক ডাটাবেজ তৈরি করা হবে। সেই তথ্যের ভিত্তিতে আগামী চার বছরে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে।
তিনি আরও বলেন, মাঠপর্যায়ের জরিপ এবং প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) স্কোরের মাধ্যমে স্বচ্ছতার ভিত্তিতে প্রকৃত উপকারভোগী নির্বাচন করা হবে। ইতোমধ্যে তথ্য সংগ্রহকারী নিয়োগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে এবং ‘ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা, ২০২৬’ জারি করা হয়েছে।
এছাড়া ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভা কমিটির অনুমোদনের পর চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদফতরে পাঠানো হয়েছে।
ঢাকা-১৮ আসনের অগ্রগতির বিষয়ে প্রতিমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের কড়াইল, সাততলা, ভাষানটেক, অলিমিয়ার টেক ও বাগানবাড়ী বস্তির কিছু এলাকায় পাইলট কার্যক্রম চলছে। উত্তরা ও আশপাশের এলাকায় পরিবার শুমারি শেষে চলতি অর্থবছরেই বড় পরিসরে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। শুমারি শেষ হলে ওয়ার্ডভিত্তিক উপকারভোগীদের তালিকা সংশ্লিষ্ট সংসদ সদস্যের দফতরে পাঠানো হবে।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯-৩০ অর্থবছরের মধ্যে যোগ্য ১ কোটি ৬১ লাখ পরিবারকে একটি সমন্বিত ডিজিটাল ফ্যামিলি কার্ড ব্যবস্থার আওতায় এনে সরকারি ভাতা, খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা সেবা পরিচালনা করা হবে।
































