বৃক্ষরোপণ কর্মসূচিতে ৫৩ কোটি টাকার প্রণোদনা
- সর্বশেষ আপডেট ০৩:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
- / 98
দেশজুড়ে কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির অংশ হিসেবে এবার বড় পরিসরে বৃক্ষরোপণ উদ্যোগ নিয়েছে সরকার। এ খাতে ২০২৫–২৬ অর্থবছরে ৫৩ কোটি ৬৬ লাখ টাকার প্রণোদনা ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে লাখো কৃষকের মাঝে বিনামূল্যে চারা ও প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হবে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণ।
কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় সারাদেশের ৬৪ জেলার কৃষকদের মধ্যে ১৬ লাখ ২৮ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা দেওয়া হবে। এর সঙ্গে থাকবে জৈব সার এবং বাঁশের খুঁটি। কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি চারা নির্দিষ্ট ক্যাটাগরি অনুযায়ী নির্ধারিত সহায়তা প্যাকেজসহ বিতরণ করা হবে, যেখানে পরিবহন ও আনুষঙ্গিক খরচও অন্তর্ভুক্ত রয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্যয়ের বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে জৈব সার, চারা উৎপাদন ও পরিবহন খাতে। কর্মসূচির আওতায় প্রতিটি কৃষক সর্বোচ্চ পাঁচটি চারা পাবেন। বসতবাড়ি, পতিত জমি, সড়কের ধারের জায়গা, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনায় এসব চারা রোপণের সুযোগ থাকবে।
কর্মসূচি বাস্তবায়নে কঠোর আর্থিক বিধি অনুসরণ ও স্বচ্ছতা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। কৃষক তালিকা যাচাই করে উপকরণ বিতরণ করা হবে এবং প্রকৃত উপকারভোগী ছাড়া অন্য কাউকে কিছু দেওয়া হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে এবং শিগগিরই সারাদেশে বিতরণ শুরু হবে।
কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পরিকল্পনা অনুযায়ী ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য বাস্তবায়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।





























