নীলফামারীতে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হচ্ছে
- সর্বশেষ আপডেট ০৫:২০:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 43
জনসাধারণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে নীলফামারীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমি সেবা মেলা-২০২৬’। আধুনিক, স্বচ্ছ ও সহজতর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। আগামী ১৯ মে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কার্যক্রম।
জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে রবিবার (১৭ মে) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।
ব্রিফিংয়ে জানানো হয়, ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা : সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এ আয়োজন করা হচ্ছে। সপ্তাহব্যাপী কর্মসূচির আওতায় অনলাইন নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ, লিজমানি জমা এবং ই-পর্চা সংগ্রহসহ নানা ডিজিটাল সেবা দেওয়া হবে।
এছাড়া ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে গণশুনানি, সেমিনার, সচেতনতামূলক আলোচনা সভা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতাও থাকবে। নাগরিকরা যেন দ্রুত ও হয়রানিমুক্তভাবে সেবা পান, সে জন্য বিশেষ সেবা বুথ স্থাপন করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সেবাকে আরও সহজ ও স্বচ্ছ করা এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তি নিশ্চিত করা। তিনি আরও জানান, মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন হবে মেলার।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটাল ও জনবান্ধব করতে ধারাবাহিকভাবে কাজ করছে। অনলাইন সেবার ফলে মানুষ এখন অনেক কাজ ঘরে বসেই করতে পারছেন। তিনি আশা প্রকাশ করেন, এ মেলার মাধ্যমে নাগরিকরা সরাসরি সেবা গ্রহণের সুযোগ পাবেন এবং ভূমি অফিসে আস্থা আরও বাড়বে।


































