প্রবীণ-প্রতিবন্ধীদের ট্রেন ভাড়ায় ছাড় ২৫ শতাংশ
- সর্বশেষ আপডেট ০৯:২৪:২৯ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
- / 32
আগামীকাল সোমবার (২৫ মে) থেকে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীরা ট্রেন ভাড়ায় বিশেষ ছাড় সুবিধা পাচ্ছেন। রেলপথ মন্ত্রণালয় ও বাংলাদেশ রেলওয়ের যৌথ উদ্যোগে চালু হওয়া এ ব্যবস্থায় নির্ধারিত যাত্রীরা ভাড়ার ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
রোববার রেলপথ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণরা অনলাইন ও কাউন্টার—দুই মাধ্যমেই এই সুবিধা নিতে পারবেন। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই হবে। তবে ছাড় শুধু মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে, ভ্যাট ও অন্যান্য চার্জ আগের মতোই দিতে হবে।
একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এ সুবিধা ব্যবহার করতে পারবেন। সহযাত্রী থাকলে তার জন্য স্বাভাবিক ভাড়া প্রযোজ্য হবে। তবে সহযাত্রীও প্রবীণ হলে নির্ধারিত শর্তে ছাড় পাওয়া যাবে।
অন্যদিকে, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারী প্রতিবন্ধী যাত্রীরা আন্তঃনগর ট্রেনের শোভন ও সুলভ শ্রেণিতে আগের ৫০ শতাংশ ছাড়ের পাশাপাশি এসি শ্রেণিতেও নতুন করে ২৫ শতাংশ ছাড় পাবেন। আপাতত তারা স্টেশন কাউন্টার থেকে টিকিট কাটার মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন।
রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, রেলসেবাকে আরও জনবান্ধব ও অন্তর্ভুক্তিমূলক করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্যও ভাড়া ছাড় চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে।































