তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায়
- সর্বশেষ আপডেট ১২:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 26
নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আনুষ্ঠানিক রূপরেখা চূড়ান্ত হতে চলেছে। সাধারণ নির্বাচনের পর বিশ্বের বেশ কয়েকটি প্রভাবশালী দেশ থেকে সফরের আমন্ত্রণ এলেও শেষ পর্যন্ত তিনি দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বন্ধুপ্রতিম রাষ্ট্র মালয়েশিয়াকেই বেছে নিয়েছেন।
আগামী ২১ ও ২২ জুন দুই দিনের এক রাষ্ট্রীয় সফরে তিনি কুয়ালালামপুর যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে এই সফরটি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে নির্বাচন সম্পন্ন হওয়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দিল্লি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন।
পাশাপাশি বেইজিং সফরের জন্য আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংও। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ভারত বা চীনকে তালিকায় প্রথমে না রেখে সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী।
কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে গত সোমবার (১ জুন) সকালে এই সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে চিঠি পাঠানো হয়েছে। দুই দিনব্যাপী এই দ্বিপক্ষীয় সফরের শেষ দিন অর্থাৎ ২২ জুন দুই দেশের শীর্ষ নেতার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এই রাষ্ট্রীয় সফরের মূল আলোচ্যসূচি এবং বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত করা হয়নি। তবে আগামী সপ্তাহের মধ্যে দুই দেশের কূটনীতিকদের আলোচনার মাধ্যমে এজেন্ডাগুলো চূড়ান্ত রূপ পাবে বলে আশা করা হচ্ছে।
ধারণা করা হচ্ছে, এই সফরে দুই দেশের মধ্যকার শ্রমবাজার, বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য পাবে।
































