ইসলামের নামে বিভ্রান্তি নয়: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৯:৩৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬
- / 22
ইসলামী ব্যাংকের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সংসদে তীব্র বিতর্কের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, ইসলামী ব্যাংক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা জামায়াতে ইসলামী—কোনোটিই ইসলাম নয়। সব বিষয়ে ইসলামের দোহাই দিয়ে বিভ্রান্তি সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার জাতীয় সংসদে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের পদ পরিবর্তন, গ্রাহক বিক্ষোভ এবং ব্যাংক পরিচালনা নিয়ে বিরোধীদলের সমালোচনার জবাব দিতে গিয়ে এ মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।
বিরোধীদলের উপনেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, আগের সরকারের আমলে এস আলম গ্রুপ ভুয়া প্রতিষ্ঠান গড়ে ইসলামী ব্যাংক থেকে বিপুল অর্থ সরিয়ে নিয়েছিল। বর্তমানে ব্যাংকে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ায় নতুন করে অনিয়মের আশঙ্কা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্যদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাংলাদেশ ব্যাংকের রয়েছে। এ নিয়ে আপত্তি থাকলে আইন পরিবর্তনের উদ্যোগ নিতে হবে।
তিনি আরও অভিযোগ করেন, একটি মহল পরিকল্পিতভাবে গ্রাহক সেজে ব্যাংকে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। রাজনৈতিক প্রচারণার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বানও জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইসলামী ব্যাংকের বৈধ শেয়ারহোল্ডারদের অধিকার নিশ্চিত করা হবে। পাশাপাশি ঋণ নিয়ে ফেরত না দেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত হবে। অতীতে নিয়মবহির্ভূতভাবে চাকরিচ্যুত প্রায় ৯ হাজার কর্মীর বিষয়টিও তদন্তের আওতায় আনা হবে বলে জানান তিনি।































