ভূমধ্যসাগরে ১২ তরুণের মৃত্যু
৯ পাচারকারীর নামে দুই থানায় মামলা
- সর্বশেষ আপডেট ০১:৫৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
- / 149
লিবিয়া থেকে রাবারের নৌকায় করে ইউরোপের দেশ গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে সুনামগঞ্জের ১২ তরুণের নির্মম মৃত্যুর ঘটনায় জগন্নাথপুর ও দিরাই থানায় পৃথক মামলা হয়েছে। ৯ দালালের নাম উল্লেখ এবং আরও কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে এই দুটি মামলা হয়।
গত সোমবার গভীর রাতে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের পাইলগাঁও গ্রামের নিহত আমিনুর রহমানের বাবা হাবিবুর রহমান এবং দিরাইয়ের জগদলের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান বাদী হয়ে পৃথক মামলা দায়ের করেন।
আসামিরা হলো– ছাতক থানার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে দুলাল মিয়া, জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের মৃত মন্তাজ মিয়ার ছেলে আজিজুল ইসলাম, অজ্ঞাতপরিচয় বিলাল মিয়া, জসিম মিয়া ও এনাম মিয়া। এর মধ্যে বিলাল মিয়াকে প্রধান আসামি করা হয়েছে। দিরাই থানায় দায়ের করা মামলার আসামিরা হলো– জগদলের ছালেহ আহমদ, মজলিসপুরের মিখাইল মিয়া, দোয়ারাবাজারের জসিম এবং জগদলের মুজিবুর রহমান।
মামলার বাদী হাবিবুর রহমান বলেন, মানব পাচারকালে দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি মামলা করেছি। মামলায় জগন্নাথপুরের নিহত চার তরুণের পরিবারের লোকজন সাক্ষী হয়েছেন।
পৃথক মামলায় একই ধরনের প্রতারণার অভিযোগ করেছেন দিরাইয়ের জগদলের নিহত সোহানুর রহমানের বাবা ছালিকুর রহমান।
এ বিষয়ে জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে অভিযানে নেমেছে।





























